দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সি নিলামে ৪৯ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবিস জানিয়েছে, পেলের কোনো স্মারক বিক্রির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড।
নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে জার্সিটি কিনতে মোট ১০টি বিড জমা পড়ে। শেষ পর্যন্ত একজন ক্রেতা ৪৯ লাখ মার্কিন ডলারে এটি সংগ্রহ করেন।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দুটি গোল করেছিলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।
পেলের প্রকৃত নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। ২০২২ সালে মারা যাওয়া এই ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত।
সোথেবিস জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত ও পুনর্মুদ্রিত আলোকচিত্রগুলোর মধ্যে অন্যতম। ওই ঐতিহাসিক মুহূর্তেরই স্মারক এই জার্সি।
এর আগে ২০০৪ সালে একই জার্সিটি ৭০ হাজার ৫০৫ পাউন্ডে বিক্রি হয়েছিল। তবে পেলের এই জার্সি তার ব্যক্তিগত স্মারকের মূল্যমানের রেকর্ড গড়লেও এটি বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া স্মারক নয়। সেই রেকর্ড এখনো বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ‘কলড শট’ জার্সির দখলে, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
এমএম/